সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করুন

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:৩৭
সুপ্রিম কোর্ট বারের দাবি সুইস ব্যাংকে অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সোমবার আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানিয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, গত বছরের ডিসেম্বরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের তিন হাজার ২শ ৩৬ কোটি টাকা গচ্ছিত রয়েছে বলে তথ্য প্রকাশ পেয়েছে। এর বাইরেও আরো অনেক ব্যাংকে পাচারকারীদের টাকা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এই অর্থ পাচারকারীরা ক্ষমতাসীন দলেরই কর্তাব্যক্তি। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতারা প্রায়ই অভিযোগ করে থাকেন, বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে বিদেশে টাকা পাচার হয়েছে। তাহলে বর্তমান সরকারের আমলে সুইস ব্যাংকে কারা এতো টাকা জমা রেখেছে তার তালিকা সরকারকেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। তা না হলে এর দায়-দায়িত্ব সরকারের উপর বর্তাবে। খন্দকার মাহবুব বলেন, সরকারের এ ধরনের চমকপ্রদ কথা অতীতে কাজে আসেনি। বর্তমানেও আসবে না। এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।