জেবুন্নেসা আফরোজকে কেন অযোগ্য ঘোষণা করা হবে না:হাইকোর্ট

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:৪৯
দশম জাতীয় সংসদের বরিশাল সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী জেবুন্নেসা আফরোজকে কেন অযোগ্য ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন পূর্ববর্তী অপরাধে তার বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ব্যবস্থা গ্রহণে ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এএইচএম নুরুল হুদা জায়গীরদারের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ রুল জারি করেন। ওই উপ-নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরামের (বিএনএফ) প্রার্থী মো. শহিদুল ইসলাম লিটনের দায়ের করা এক রিট আবেদনে এ রুল জারি করা হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ১৫ জুন বরিশাল সদর আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে হিরনের স্ত্রী জেবুন্নেসা আফরোজ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। রিট আবেদনে জেবুন্নেসার বিরুদ্ধে নির্বাচনে প্রার্থীকে হুমকি, প্রার্থিতা বাতিলের চেষ্টা এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে পরস্পর যোগসাজসে নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়।