লন্ডনের বাসগুলোকে ‘ক্যাশ ফ্রি’ বা নগদ অর্থ মুক্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে লন্ডনের বাসগুলোতে নগদ অর্থ দিয়ে চালকের কাছ থেকে টিকেট কেটে আর যাতায়াত করা যাবে না। বাসে চড়তে হলে এখন বাধ্যতামূলকভাবে প্রিপেইড ওয়েস্টার কার্ড (এক ধরনের যাতায়াত কার্ড) ব্যবহার করতে হবে অথবা কনটাক্টলেস ব্যাংক কার্ড দিয়ে ভাড়া পরিশোধ করতে হবে। রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটা থেকে নগদ অর্থবিহীন যাতায়াতের নতুন এ নিয়ম চালু হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ ‘ট্রান্সপোর্ট ফর লন্ডন’ (টিএফএল) এর হিসাব অনুযায়ী গড়ে শূন্য দমশিক ৭ শতাংশ যাত্রী নগদ অর্থ দিয়ে যাতায়াত করেন। আর যারা ব্রিটেনে ভ্রমণে আসেন তারা সাধারণত ট্যুরিস্ট ওয়েস্টার কার্ড ব্যবহার করেন।
সমালোচকরা বলছেন, এমন উদ্যোগের ফলে অসহায় এবং কর্মহীন মানুষ যারা নগদ অর্থের উপর নির্ভরশীল তারা মারাত্মক হয়রানির শিকার হবেন। গ্রীন পার্টির লন্ডন এসেম্বলি মেম্বার ড্যারেন জনসন বলেন, কারো ওয়েস্ট কার্ড হারালে বা কোনো কারণে নষ্ট হয়ে গেল তাদের আদৌ বাসে উঠতে দেয়া হবে কি না সে প্রশ্ন রয়ে গেছে।
তবে নতুন এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে গত মাস থেকে টিএফএল ওয়েস্টার কার্ডে ‘ওয়ার্ড মোর জার্নি’ নামে একটি সুবিধা সংযুক্ত করেছে। এর ফলে ওয়েস্টারে পর্যাপ্ত অর্থ না থাকলেও যাত্রীরা অন্তত একটি যাত্রা সম্পন্ন করতে পারবেন। এর ফলে দৈনিক ৪৪ হাজার যাত্রী উপকৃত হচ্ছেন বলে দাবি করেছে টিএফএল। নগদ লেনদেন নিষিদ্ধ করার ফলে একদিকে যাত্রী সেবা যেমন দ্রুত হবে তেমনি টিএফএল বছরে প্রায় ২৪ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে সক্ষম হবে।
