আসামের অনুপ্রবেশ সমস্যাকে জাতীয় সঙ্কট ঘোষণার দাবি

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৫৪
আসামের অনুপ্রবেশ সমস্যাকে জাতীয় সঙ্কট হিসেবে ঘোষণার দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। রাজনীতির দুই মেরুতে অবস্থান করলেও তাদের মধ্যে সৌজন্যের কোনও ঘাটতি ছিল না। গগৈ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন। অনুপ্রবেশ সমস্যা ছাড়াও দুইজনের মধ্যে রাজ্যের বিভিন্ন সমস্যা ও প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়। গগৈ মোদীর হাতে একটি দাবিপত্রও তুলে দেন। বৈঠকের পর গগৈ জানান, আসামের অনুপ্রবেশ সমস্যাকে জাতীয় সঙ্কট হিসেবে গণ্য করে অবিলম্বে এ নিয়ে কড়া ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার আগে আসামের নির্বাচনী প্রচারে মোদীর প্রধান হাতিয়ারই ছিল এই অনুপ্রবেশ সমস্যা। ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের সীমান্তের ওপারে পাঠানোর কথাও তিনি ঘোষণা করেন। মোদী ক্ষমতায় এসেছেন দেড় মাস আগে। আসামে ১৪টির মধ্যে সাতটি লোকসভা আসনই দখল করেছে বিজেপি। তারপরও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপ্রবেশ নিয়ে বিশেষ উচ্চবাচ্য না করায় এর আগে আসামের কংগ্রেসী মুখ্যমন্ত্রী গগৈ কটাক্ষও করেছেন। — আনন্দবাজার পত্রিকা।