মানবাধিকার কর্মী আবু আল-খায়েরকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে সৌদি আরবের এক আদালত। কারাদণ্ডাদেশের পাশাপাশি অর্থদণ্ড এবং ১৫ বছর দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত।
রবিবার জেদ্দার এক আদালত ওয়ালিদ আবু আল-খায়েরের বিরুদ্ধে এ শাস্তি ঘোষণা করে? মনিটর অফ হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা আবু আল-খায়েরকে গত অক্টোবর মাসে নানা অভিযোগে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করা এক আবেদনপত্রে স্বাক্ষর করায়, ‘রাষ্ট্রদ্রোহীতায় ইন্ধন’ দেয়ার অভিযোগে তিন মাসের কারাদণ্ড দেয় জেদ্দার আদালত। আটক মানবাধিকারকর্মীরা রাজতন্ত্রের দেশ সৌদি আরবে রাজনৈতিক সংস্কারের দাবি আদায়ে সক্রিয় ছিলেন।
রবিবার জেদ্দার আদালত ওয়ালিদ আবু আল-খায়েরের বিরুদ্ধে বাদশা আব্দুল্লাহর প্রতি অসম্মান প্রদর্শন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে অবজ্ঞা করা এবং রাষ্ট্রদ্রোহীতায় ইন্ধন জোগানোর অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দেয়। পাশাপাশি দু’লাখ দিনার (৫৩ হাজার ৩শ’ ডলার) জরিমানা এবং কারামুক্তির পর ১৫ বছর দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।—ডয়চেভেলে
