সংবাদ কণিকা

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৫৭
সহকর্মীকে স্পর্শ, জেনারেল বরখাস্ত মেডিটেশনের সময় নিম্নপদস্থ এক নারী কর্মকর্তাকে ‘আত্মা শুদ্ধির’ জন্য স্পর্শ করে বরখাস্ত হন ভারতীয় এক মেজর জেনারেল। সমপ্রতি তাকে দোষী সাব্যস্ত করে দেয়া আগের রায়ই বহাল রেখেছে আদালত। শারীরিক স্পর্শ ‘আত্মার শুদ্ধির’ জন্য প্রয়োজনীয় নয় জানিয়ে আগের কোর্ট মার্শালে মেজর জেনারেল অরুন কুমার লালকে দোষী সাব্যস্ত করে দেয়া রায় বহাল রাখে মুম্বাইয়ের সামরিক আদালত। অরুন কুমার লাল পদাতিক বাহিনী তিনের জেওসি’র দায়িত্বে ছিলেন। অধস্তন নারী কর্মকর্তাকে ধ্যানমগ্ন অবস্থায় আপত্তিকরভাবে শারীরিক স্পর্শের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ২০১০ সালের ১৬ ডিসেম্বর সামরিক বাহিনী থেকে বরখাস্ত হন লাল। সোমবার তার আবেদনের শুনানির সময় বিচারক এয়ার মার্শাল ডি সি কুমারিয়া ও অবসরপ্রাপ্ত জে এইচ ভাটিয়ার বেঞ্চ আগের রায় বহাল রাখলেও সাজা কিছুটা পরিমার্জিত করেন ‘বরখাস্ত’ শব্দটির বদলে ‘সরিয়ে দেয়া’ কথাটি ব্যবহার করে। — বিডিনিউজ গুয়েতেমালা-মেক্সিকোয় ভূমিকম্প মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছে। ভেঙে পড়েছে ঘর-বাড়ি, ঘটেছে ভূমিধসও। গুয়েতেমালা সীমান্ত অঞ্চল এবং সান মার্কোস শহরও ভূমিকম্পে প্রকম্পিত হয়। শহরটির গভর্নর লুইস রিভেরা বলেছেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী। শহরের বাসিন্দারাও আতঙ্কিত। কারণ, ২০১২ সালের নভেম্বরেই ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গিয়েছিল এ শহরকে। নিহত হয়েছিল ৪৮ জন। সেই স্মৃতি তারা এখনো ভোলেনি। সান মার্কোস শহরে ভূমিকম্পে বহু ভবনেই ফাটল ধরেছে। জায়গায় জায়গায় ঘটেছে ভূমিধস। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুত্ সংযোগ। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। —রয়টার্স ভারতে লিঙ্গ অনুপাতের ফারাক বাড়ছে ভারতে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ অবৈধ হলেও এই ব্যবসা চলছে রমরমা। পুলিশ, স্থানীয় প্রশাসন এবং রাজনীতিকদের যোগসাজসে। ফলে দেশে ছেলে ও মেয়ের লিঙ্গ অনুপাতের ফারাক ক্রমশই যাচ্ছে বেড়ে। গত সপ্তাহে দিল্লির এক আদালত কন্যাভ্রূণ হত্যা সংক্রান্ত এক মামলার রায়দান প্রসঙ্গে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ তথা কন্যাভ্রূণ হত্যায় ‘জিরো-টলারেন্স’-এর কথা বলেন। পশ্চিম দিল্লির এক ডাক্তার দম্পতিকে ভারতের প্রি-নাটাল ডায়গনিস্টিক টেকনিক এবং মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আইন অনুসারে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ মামলায় অভিযুক্ত করেন। রায়দান প্রসঙ্গে বিচারক মন্তব্য করেন, কন্যা ভ্রূণ হত্যার পরিণামে দেশে ছেলে ও মেয়ের অনুপাতে ফারাক ক্রমশই বেড়ে যাচ্ছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের রিপোর্টে দেখানো হয়েছে, ভারতে লিঙ্গ অনুপাতের ফারাক বিশ্বে সব থেকে বেশি। —ডয়চে ভেলে