পরিকল্পনা মন্ত্রী এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভাপতি ও সাবেক বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে সাকিবের উচিত বিসিবিকে সহযোগিতা করা। এতে উভয় পক্ষের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা দূর হয়ে যাবে। গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘আমি মনে করি- বোর্ড যা ভাল মনে করেছে তার উপর সিদ্ধান্ত নিয়েছে। তারা সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ সাকিবের সঙ্গে দেখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সোমবার রাতেই সাকিব আমার সঙ্গে দেখা করেছে। আমি তাকে আমার মতো করে পরামর্শ দিয়েছি। সে তার অপরাধ স্বীকার করেছে। আমি তাকে বোর্ডকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছি।
তিনি আরো বলেন, সাকিবের বিষয়ে বিসিবির কারো সঙ্গে আমার কথা হয়নি। গণমাধ্যম ও সাকিবের মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে পছন্দ করি; কিন্তু ক্রিকেট হচ্ছে শৃঙ্খলার খেলা। এখানে শৃঙ্খলা রক্ষাই প্রধান কাজ।
তিনি আরো বলেন, আমরা ক্রিকেটকে বাদ দিতে পারব না, তাই বোর্ড দরকার। সব মিলিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে।
শাস্তি কমানো বা বাদ দেয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি মনে করি- এ বিষয়ে কোনো কিছু বলা ঠিক হবে না।
