মাউশির ডিজির বিরুদ্ধে রুল হাইকোর্টের আদালতঅবমাননার অভিযোগ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৩৩
আদালতের আদেশ অমান্য করে তিন শিক্ষককে অর্থ প্রদান অব্যাহত রাখায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে তিন সপ্তাহের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তিনি জানান, ঢাকার ফজলুল হক মহিলা কলেজের গভর্নিং বডি তিনজন শিক্ষককে আইন লংঘন করে নিয়োগ দেয়। কলেজের গভর্নিং বডি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে যোগসাজশে ওই তিন অবৈধ শিক্ষকের নাম এমপিওভুক্ত করেন এবং তাদেরকে অবৈধভাবে সরকারি তহবিল হতে প্রতিমাসে অর্থ প্রদান করা হয়। এর বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামসহ তিনজন হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।