পরিবেশ দূষণে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৩৩
বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর, সিলেট, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার ৩টি প্রতিষ্ঠানের মালিক/ প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে পরিবেশ, প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য ১৭ লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানসমূহের মধ্যে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য নির্মিত আবাসিক হল তৈরির জন্য পরিবেশ অধিদপ্তর/সরকারি অনুমোদন ছাড়াই পাহাড়/টিলা কর্তণ করে টপসয়েল এবং ভূমির বাইন্ডিং ক্যাপাসিটি নষ্ট করার অপরাধে ঠিকাদারী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াকে ৮৭০, শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণি, ঢাকাকে ১১ লাখ টাকা; পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং অবৈধভাবে জলাশয় ভরাট করার অপরাধে আমিন মোহাম্মদ রিয়েল এস্টেট কোম্পানি, শিকারপুর, সিরাজদিখান, মুন্সীগঞ্জকে ৫ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও এটিপি নির্মাণ ব্যতিত স্টিল মিল পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মেসার্স জহুরা স্টিল মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি