তালপট্টি দ্বীপের কোন অস্তিত্ব ছিল না ------------ ডা. দীপু মণি

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৫১
সমুদ্রজয়ের বিষয়ে বিরোধী দলের এক নেতার বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপুমণি এমপি বলেন, কখনোই তালপট্টি দ্বীপের কোন অস্তিত্ব ছিল না। এখনো নেই। তাই এ নিয়ে কারোই মন্তব্য করা ঠিক হবে না। তিনি আরো বলেন এই সমুদ্র জয়ের মধ্য দিয়ে বন্ধু প্রতীম দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হল। এ রায়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার চূড়ান্ত সমাধান হয়েছে। বুধবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা যাওয়ার প্রাক্কালে তিনি আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদেরও এসব কথা বলেন। আগরতলার আমন্ত্রণে একটি ব্যবসায়ীক সেমিনারে যোগ দিতে ৫ সদস্যের একটি ব্যবসায়ীক প্রতিনিধি দল নিয়ে ডা. দীপুমণি আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা যান। বুধবার বিকেল ওই সেমিনারে যোগদান শেষে আজ বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে দুপুর একটায় এমপি ডা. দীপুমণি আখাউড়া স্থলবন্দরে পৌছলে ১২ বিজিবি তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বিজিবির সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও আওয়ামী নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন এমপি। সভায় মতবিনিময় করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ১২ বিজিবির পরিচালক সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভুঁইয়া, আমদানি- রফতানিকারক এসোসিয়েশনের সভাপিত রাজীব ভুঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন ভুঁইয়া ও পিয়ারা বেগম প্রমুখ।