২৩ বছর এসিল্যান্ডের ‘অতিরিক্ত’ দায়িত্বে ইউএনও

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:০৮
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে আসা ব্যক্তিদের কিছুতেই পিছু ছাড়ছে না উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) পদের ‘অতিরিক্ত’ দায়িত্ব। গত ২৩ বছরে ২১ জন ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করতে হয়েছে। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমির নামজারিসহ বিভিন্ন কাজে ভূমি কার্যালয়ে এসে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনারের কক্ষে টানানো বোর্ডে দেখা গেছে, ১৯৯১ সালের জানুয়ারি থেকে এ বছরের জুন মাস পর্যন্ত ২৬ জন দায়িত্ব পালন করেন। এর মধ্যে মাত্র পাঁচজন সহকারী কমিশনার ছিলেন। এ কারণে ওই সময়ে ২১ জন ইউএনও অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র তিন মাসের জন্য একজন সহকারী কমিশনার এখানে আসেন। হেলালুজ্জামান সরকার নামে ওই সহকারী কমিশনার ২০০৯ সালের ২৩ আগস্ট থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমান ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ ওই দায়িত্ব পালন করছেন।