ভেষজ

হাতিশুঁড়ো

আপডেট : ২৯ মে ২০১৯, ২০:০৭

হাতিশুড়, হস্তিশুণ্ডি, হাতিশুঁড়ো। স্থানীয় নাম হাতিশুঁড়। ভেজষ নাম  Heliotropium indicum Linn।

বর্ষজীবী ছোট গুল্ম অতি সাধারণ গাছ, অযত্নে যত্রতত্র জন্মে। এক দেড় ফুট উঁচু হয়। এই গাছের কাণ্ডগুলি ফাঁপা ও নরম। পুষ্পদণ্ডে বিশেষ বৈশিষ্ট্য লক্ষণীয়। পুষ্পদণ্ডটি দেখতে হাতির শুঁড়ের মতো, তাই হয়তো এই নামকরণ। গ্রীষ্মে ফুল হয়। অতি ক্ষুদ্র ফল পেকে ছড়িয়ে বংশ বিস্তার হয়।

হঠাত্ ঠান্ডা লেগে হাত-পায়ের গাঁট ফুলে গেলে (এটা সাধারণত কফের বিকারে হয়) হাতিশুঁড়ো পাতা বেটে অল্প গরম করে ঐসব ফুলে ওঠা জায়গায় লাগালে কমে যায়। আঘাতে ফুলে গেলে এই পাতা বেটে গরম করে লাগালে ব্যথা ও ফুলো দুইই চলে যায়। বিষাক্ত পোকার কামড়ে জ্বালা করে কোনো কোনো ক্ষেত্রে ফুলে যায়, সে সময় এই পাতার রস করে লাগালে কমে যায়। টাইফয়েড জ্বরে  পিপাসা ও সঙ্গে মাথাব্যথা প্রবল থাকে, এ ক্ষেত্রে ঐ পাতার রস গরম করে ছেঁকে ঐ রস ১০ ফোঁটায় একটু পানি মিশিয়ে খেতে হয়। আধ ঘণ্টা অন্তর দুই-তিন বার খেলে এই উপসর্গ প্রশমিত হয়, তবে দুই-তিন বারের বেশি খাওয়া উচিত নয়। ফেরিনজাইটিসে  অথবা লেরিনজাইটিস হলে পাতার রস ২ চামচ আধা কাপ অল্প গরম পানি মিশিয়ে গারগেল করতে হয়। প্রতিদিন সকাল-বিকালে দুই বার করতে পারলে ভালো। এমনকি গলার মধ্যে ক্ষত ভাব দেখা দিলে সেটাও সেরে যায়। তবে এসব ক্ষেত্রে এর সঙ্গে ২/৩ চামচ বাসক পাতার রস একটু গরম করে প্রতিদিন একবার করে খেতে পারলে কফের বিকারটা নষ্ট হয়। একজিমা এই পাতার রসে কমে যায়।