উদ্বোধনের ৬ মাসেও চালু হয়নি না বিরামপুর হাসপাতাল

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:১১
নতুন ভবন নির্মাণ ও উদ্বোধনের ৬ মাস পরেও চালু হচ্ছে না বিরামপুর ৫০ শয্যার হাসপাতাল। কর্তৃপক্ষ জনবল সংকটকে দায়ী করলেও উপজেলাবাসীর চিকিত্সা সেবা নিয়ে ভোগান্তির সমাধান মিলছে না। বিরামপুর উপজেলার মানুষের সরকারি চিকিত্সা সেবা প্রদানের লক্ষ্যে ১৯৯২ সালে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও চালু করা হয়। পরবর্তীতে প্রায় ২ লাখ জনসংখ্যা অধ্যুষিত ও ক্রমবর্ধিষ্ণু বিরামপুরবাসীর জন্য ৩১ শয্যার চিকিত্সা কেন্দ্রটি অপ্রতুল হওয়ায় এটিকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। নতুন ভবন নির্মাণ শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২২ অক্টোবর দিনাজপুরের জনসভা থেকে এই হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন। কিন্তু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা দীর্ঘ ৬ মাসেও এর কার্যক্রম শুরু করেন নাই। সরকারি স্বাস্থ্য সেবা বঞ্চিত সচ্ছল রোগীরা বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সা নিলেও অসচ্ছল রোগীরা পড়ছেন বিপাকে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ পরিতোষ চন্দ্র দাশ গুপ্ত জানান, হাসপাতালের ডাক্তার, নার্স, সার্জন ও কর্মচারীসহ ২৯টি পদ শূন্য থাকায় তারা ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে পারছেন না।