সাভারে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:২৯
সাভারে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত ভাকুর্তা ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মো. ফারুক চৌধুরী মারা গেছেন। গতকাল বুধবার সকালে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ফারুক চৌধুরী (৩৫) ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী গ্রামের মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। নিহতের বাবা মহিউদ্দিন চৌধুরী জানান, গত শুক্রবার বিকালে ইফতারের আগে ফারুক চৌধুরী ও তার ছোট ছেলে জাবেদ চৌধুরীর মধ্যে জমিজমা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে জাবেদ বড় ভাই ফারুককে ছুরিকাঘাত করে। এ সময় জহির নামে একব্যক্তি বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় জাবেদ। পরে স্থানীয় লোকজন ফারুককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হলে টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল বুধবার সকালে মারা যান ফারুক। এদিকে ফারুকের লাশ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে এনে পারিবারিকভাবে দাফন করার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, যেহেতু এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়, তাই নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকারী ছোট ভাই জাভেদকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।