সড়ক অবরোধ করে বাড্ডায় শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২২:৩২
রাজধানীর বাড্ডা এলাকার হোসেন মার্কেটের সামনে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এদিকে ২০ রমজানের আগেই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে নারী নেতৃত্বাধীন ৭টি পোশাক শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দুই ঘণ্টা মানববন্ধন করেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি কারখানার পাঁচ শতাধিক পোশাক শ্রমিক রাস্তায় নেমে আসেন। তাদের দাবি ঈদের আগে সব বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। পরে বাড্ডা থানার ওসি এম এ জলিলের আশ্বাসে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকরা রাস্তা ছেড়ে অবরোধ তুলে নেন। এদিকে ২০ রমজানের আগেই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে নারী নেতৃত্বাধীন ৭টি পোশাক শ্রমিক ফেডারেশন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। ওই ৭টি সংগঠনের সমন্বয়কারী শহিদা সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সদস্য সচিব জান্নাত ফাতেমা, সদস্য কামরুন নাহার, শামীম আক্তার শিরিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলনে, এই দুর্মূল্যের বাজারে পোশাক শ্রমিকরা সারা বছর যে বেতন-ভাতা পায় তা দিয়ে কোনো রকম খেয়ে পরে চলতে পারে। তাদের সঞ্চয় বলে কিছুই নেই। এ জন্য আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ সব রকম পাওনা বুঝিয়ে না দিলে আনন্দের ঈদ তাদের কাছে কষ্টের হয়ে উঠবে।