ভারতে মঙ্গলবার রেল বাজেট পেশের দিন লোকসভায় তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির সংসদ সদস্যরা। দু’পক্ষের মধ্যে বাগবিতন্ডা এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায়। তৃণমূল সংসদ সদস্যরা অভিযোগ করেন, বিজেপি’র এক মদ্যপ এমপি তাদের মারতে চেয়েছেন এবং তৃণমুলের এক নারী এমপিকে নগ্ন করারও হুমকি দিয়েছেন। ওই মদ্যপ এমপির মারপিটের ভয়ে তৃণমূল এমপি কল্যাণ ব্যানার্জিকে দৌঁড়ে বের হতে দেখা যায়। এসময় তিনি চিত্কার করে বলছিলেন, বিজেপির মাতাল এক এমপি তাকে মারতে আসছেন! তাই বাঁচার জন্য দৌঁড়াচ্ছেন। মিডিয়াতে তার এই দৌঁড়ে বের হবার চিত্র প্রকাশ করা হয়। মদ খেয়ে কোনো এমপির পার্লামেন্টে আসার অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।
এদিন বিরতির পর ফের লোকসভার অধিবেশন শুরু হলে রেল বাজেট নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সংসদ সদস্যরা। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী সদানন্দ গৌড়ার বিরুদ্ধেও স্লোগান দিতে থাকেন। পাল্টা স্লোগান দেন বিজেপিও। এরই মধ্যে দু’জন বিজেপি এমপি অভিযোগ করেন, তৃণমূল এমপিরা অধিবেশনে বাধা দিচ্ছেন। এর পরই দু’পক্ষের মধ্যে তুমুল তর্কবিতর্ক শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, যেখানে নারী সংসদ সদস্যরা লোকসভায় নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে। - এনডিটিভি
