পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৬

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৫৩
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনা বাহিনীর চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ৬ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় একটি বাড়ি ও গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তারক্ষীবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। প্রদেশটির লারালাই জেলার দুক্কি এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। —খবর ডন অনলাইনের নিরাপত্তারক্ষীবাহিনীর সদস্যদের গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকার একটি চেকপয়েন্টে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর বন্দুকধারীরা হামলা চালায়। এরপর হামলাকারীরা তাদের গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় বলেও জানিয়েছেন তিনি। এ হামলায় আহত অপর এক নিরাপত্তাকর্মীকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার পর প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তাত্ক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।