যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত ‘বিপর্যয়’ ডেকে আনবে বলে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বার্ষিক সংলাপের উদ্বোধনী বক্তব্যে শি ওই মন্তব্য করেন। দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনেরও আহ্বান জানান তিনি। বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা দু’পক্ষের মধ্যকার মতবিরোধ দূর করার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হন। সাইবার নিরাপত্তা, জলসীমা নিয়ে বিরোধ, চীনের মুদ্রা ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তিও আলোচনায় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চীনকে দাবিয়ে রাখার চেষ্টা করছে না। ওদিকে, শি বলেন, দুই দেশের স্বার্থ এখন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এক্ষেত্রে দু’দেশ সহযোগিতা থেকেই সবচেয়ে বেশি উপকৃত হতে পারে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র-চীনের সংঘাত এ দুই দেশের জন্য তো বটেই এমনকি গোটা বিশ্বের জন্যই নিশ্চিতভাবে বিপর্যয় ডেকে আনবে। আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা উচিত। একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং উন্নয়নের পথে একে অপরের পছন্দকে সম্মান করা উচিত”।
