যুক্তরাষ্ট্রে এক বাড়িতে শিশুসহ কমপক্ষে ৬ জনকে গুলি করে হত্যা

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২০:৫৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরের উপকণ্ঠে স্থানীয় সময় বুধবার এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চার জনই শিশু। এ ঘটনায় পুলিশ সশস্ত্র অবস্থান নেয়ায় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। হ্যারিস কাউন্টি কনস্টেবল রোন হিকম্যান বলেন, এ নির্মম হামলার ঘটনায় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। হিকম্যান জানান, এ ঘটনায় নিহতদের চার বা পাঁচজনই শিশু। এদের মধ্যে কয়েকজনের বয়স প্রায় আট বছর। তিনি আরো জানান, এ গুলির ঘটনায় কমপক্ষে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় মাথায় গুলিবিদ্ধ ঐ নারী কর্তৃপক্ষকে টেলিফোন করতে সমর্থ হয়। ফলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে কমপক্ষে ২০ মিনিট ধরে অভিযান চালায়। হিকম্যান বলেন, ঘটনার কমপক্ষে এক ঘণ্টা পর আমরা ঐ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সমর্থ হই। এ সময় সে তার গাড়িতে বসা ছিল। ছাড়াছাড়ি নিয়ে গৃহবিবাদের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতদের সঙ্গে সন্দেহভাজন হত্যাকারীর কি সম্পর্ক তা এখনো পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারী শশ্রুমণ্ডিত এবং তার বয়স ত্রিশের কোটায়। পুলিশ কর্মকর্তা থমাস জিলিল্যান্ড বলেছেন, তাকে (সন্দেহভাজন হত্যাকারী) ঘিরে ফেলার পর তিনি গাড়িতে শান্তভাবে বসে ছিলেন এবং আমাদের দেখছিলেন। তিনি আরো জানান, তারা দুই ঘণ্টা ধরে একজন পিস্তলধারী মানুষের সঙ্গে অব্যাহতভাবে কথা চালিয়ে তার গাড়ি অনুসরণ করে যাচ্ছিলেন, যে মানুষটি মাত্রই ছয়জন মানুষকে হত্যা করেছে। হেরিস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন শিশুসহ দুইব্যক্তিকে মৃত দেখতে পায়। আহতাবস্থায় চতুর্থ শিশুটি মারা যায় হাসপাতালে। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।