উপজেলার বাঞ্ছারামপুর-হোমনা সড়কের রাধানগর গ্রামের সড়কের অবস্থা শোচনীয়। মেরামত না করার কারণে দীর্ঘদিন যাবত্ রাস্তাটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
রাস্তার মাঝে গর্ত হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। দুর্ঘটনার ভয়ে যাত্রীরা যানবাহন থেকে নেমে পাঁয়ে হেঁটে যাতায়াত করে।চাকা পাঞ্চারের আশংকায় সিএনজি কিংবা অটোরিক্সার চালকরা এ রাস্তায় যেতে চায় না বলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় । সড়ক ও জনপথের এ রাস্তা দিয়ে প্রতিদিন কুমিল্লা,ঢাকা ও জেলা সদর ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষ যাতায়াত করে।
সড়ক ও জনপথের এসডিই হাবিবউল্লাহ বলেন, রাস্তার দুই পাশের বাড়ি উঁচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে যায় এবং রাস্তা ভেঙ্গে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে অচিরেই রাস্তাটি মেরামত হবে বলে তিনি জানান।
