রামগঞ্জে হামলা ভাংচুর হাতের কব্জি কর্তন

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২১:৫৩
জেলার রামগঞ্জ উপজেলায় চাঙ্গিরগাঁও ও পানপাড়া গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দুটি ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এসময় প্রবাসী নূর মিয়াকে কুপিয়ে বাম হাতের কব্জি কেটে ফেলে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন জানান, ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের পানপাড়া গ্রামের ছাত্তার ভুঁইয়া বাড়ির প্রবাসী নূর মিয়ার ঘরে বুধবার রাত ১টায় একদল দুর্বৃত্ত হামলা ভাংচুর ও লুটপাট চালায়, দুর্বৃত্তরা এসময় কুয়েত ফেরত নূর মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে তার বাম হাতের কব্জি কর্তন করে আলাদা করে ফেলে। এ সময় তার স্ত্রী স্বপ্না বেগমের আর্তচিত্কারে আশ-পাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। অপরদিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের লুতু ব্যাপারী বাড়ির শামছুল ইসলাম পাটওয়ারীর বসতঘরে বুধবার রাত ২টায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।