গতকাল বৃহস্পতিবার ভোরে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডের খেলা চলাকালে বিদ্যুত্ বিভ্রাট ঘটায় উত্তেজিত ফুটবল প্রেমিকরা ক্ষিপ্ত হয়ে উপজেলার খারেড়াস্থ পল্লী বিদ্যুত্ সমিতি কসবা জোনাল অফিস কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় দায়িত্ব পালনকারী আনসার সদস্য মো. ফারুক বাধা দিতে গেলে উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত্ সমিতির উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মকবুল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তেজিত জনতা প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করেছে। বিষয়টি কসবা থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
সেনবাগে বিদ্যুত্ অফিসে ইটপাটকেল নিক্ষেপ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ সেনবাগে বার বার বিদ্যুত্ বিভ্রাটের কারণে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের মধ্যকার খেলা ঠিকমতো দেখতে না পারায় বিক্ষুব্ধ সমর্থকরা সেনবাগ পৌর শহরের পল্লী বিদ্যুত্ অফিসে ইটপাটকেল নিক্ষেপ করেছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
