তিন কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:১৫
ভুয়া শেয়ার দেখিয়ে সাউথইস্ট ব্যাংক থেকে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জয়েন্ট স্টক কোম্পানি তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, জয়েন্ট স্টক কোম্পানির সহকারী রেজিস্টার আব্দুর রাজ্জাক হাওলাদার, ইক্সামিনার অব একাউন্স হারুনুর রশিদ, সহকারী রেজিস্টার রঞ্জিত কুমার রায় ও রেজা বিন রহমান। বৃহস্পতিবার তেজগাঁও মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। দুদক সূত্র জানায়, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের অধিদফতরের (জয়েন্ট স্টক কোম্পানি) তিন কর্মকর্তাসহ চারজনের একটি চক্র ভুয়া শেয়ার দেখিয়ে সাউথইস্ট ব্যাংকের করপোরেট শাখা থেকে সিনেথিক ইয়ার্ন লি: এর নামে আড়াই কোটি টাকা ঋণ নেয়। এরপর তারা এ অর্থ আত্মসাত্ করে বলে দুদকে অভিযোগ আসে। এ অভিযোগ যাচাই বাছাই করে দুদকের অনুসন্ধান কর্মকর্তা অভিযোগটির সত্যতার প্রমাণ পান। এরপর কমিশনে প্রতিবেদন দিলে কমিশন মামলার অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তেজগাঁও মডেল থানায় দুদকের উপ-পরিচালক মোহাম্মাদ আব্দুস সোবহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।