মিরসরাই ট্র্যাজেডির তৃতীয় বার্ষিকী আজ

আপডেট : ১০ জুলাই ২০১৪, ২২:৪১
আজ ১১ জুলাই। মিরসরাই ট্র্যাজেডির তৃতীয় বার্ষিকী। এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলো ৪৫ জন শিক্ষার্থী। মিরসরাই ট্রাজেডিকে ঘিরে পুরো এলাকা এখন শোকার্ত। নিহত স্কুল শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পালন করা হচ্ছে নানা কর্মসূচী। যে শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী নিহত হয়েছিলো সেই আবুতোরাব উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষও পালন করছে বিশেষ অনুষ্ঠানমালা। গতকাল বৃহস্পতিবার আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের নিহত একাধিক শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলে জানা গেছে, কোরআন খতম, জেয়াফত এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে তারা স্মরণ করবেন প্রিয় সন্তানদের। এছাড়া হিন্দু ধর্মাবলম্ববীরাও পালন করবেন তাদের রীতি অনুযায়ী অনুষ্ঠান। নিহত শিক্ষার্থীদের স্মরণে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ১১ জুলাই দিনব্যাপী কর্মসূচী রয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল দশটায় কালো ব্যাজ ধারণ ও শোক পতাকা উত্তোলন, তারপর নিহতদের স্মরণে বিশেষ দোয়া , সাড়ে দশটায় শোক মিছিল,সকাল ১১টায় স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ পুষ্পস্তবক অর্পণ, বিকাল ৩টায় শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা। সর্বশেষ ইফতার ও জেয়াফত। আলোচনা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির। দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তির মাসখানেক আগে অনেকটা তাড়াহুড়া করেই নির্মিত হয় স্মৃতিফলক ‘আবেগ’ কিন্তু তিন বছরেও দুর্ঘটনাস্থলে নির্মিত হয়নি প্রতিশ্রুত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’। সেদিন দুপুরে মিরসরাই সদরের স্টেডিয়াম থেকে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া-আবুতোরাব সড়কের তেঁতুলতলা নামক স্থানে সড়কের পাশের ডোবায় শিক্ষার্থী বহনকারী ট্রাকটি উল্টে পড়ে ৪৫ জন মারা যায়।