ফরিদপুরের সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ফরিদপুরের প্রভাবশালী এই দুই ভাইয়ের অবৈধ সম্পদ অনুসন্ধানের বিষয়টি ইতোমধ্যে চাওর হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ মে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ফরিদপুর জেলা কার্যালয়ে প্রেরিত এক চিঠিতে উপপরিচালক আবুল কালাম আজাদকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ২০ মে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল তদন্ত কর্মকর্তার কার্যালয়ে হাজির হন। তারা প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য ১০ দিন সময় প্রার্থনা করেন। দুদকের নথিতে দুই ভাইয়ের বিরুদ্ধে পরিবহন খাত, স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কাজ, অবৈধভাবে ভূমি দখলের অভিযোগ আনা হয়েছে।
বলা হয়েছে, গড় প্রায় ৯ বছর যাবত জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবৈধভাবে প্রভাব খাটিয়ে তারা কোটি কোটি টাকা আয় করেছেন। অবৈধভাবে বালু উত্তোলন ছাড়াও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
দুদকের ঢাকা বিভাগীয় একজন কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছেন। তদন্ত শেষ না হলে কিছুই বলা যাবে না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।
ইত্তেফাক/জেডএইচ
