ঈদের আনন্দকে পরিপূর্ণ রূপ দিতে চাই নিজেকে সুন্দর করে সাজানো। নতুন পোশাকের সাথে মানানসই সাজসজ্জা থাকলে নিজেকে নান্দনিকভাবে উপস্থাপন করা সম্ভব। তারুণ্যের ঈদের সাজ নিয়ে এবারের আয়োজন
ঈদের দিন সব তরুণই চায় নিজেকে স্নিগ্ধ-কোমল সাজে সুন্দরভাবে নিজেকে সাজাতে, নিজেকে সুন্দরভাবে অপরের কাছে উপস্থাপন করতে। ঈদের আনন্দের পূর্ণতা পায় নতুন জামা-কাপড়, সাজসজ্জা, আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাওয়া এবং বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে। আর এসবের জন্য ঈদের অন্তত ৭ দিন আগে থেকেই ঈদের প্রস্তুতির প্রয়োজন পড়ে।
এক সপ্তাহ তথা ৫-৭ দিন আগেই হেয়ারকাটটি করিয়ে নিন, কারণ হেয়ারকাটটি সেট হতে ৫-৭ দিন সময় লেগে যায়। আগের দিন পেডিকিউর-মেনিকিউর, ২-৩ দিন আগে প্রয়োজন অনুযায়ী হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ার স্ট্রেটনিং করাতে চাইলে ৭-৮ দিন আগেই করাতে পারেন। হেয়ার কালার ২-৩ দিন আগেও করা যেতে পারে। আইব্রো, ওয়াক্সিং থ্রেডিং ২-১ দিন আগে। মেহেদি চাঁদ রাতে লাগানোটাই ভালো। ঈদের সারাটা দিন মূলত অতিথি আপ্যায়ন করে ব্যস্ততায় দিন কাটে। তাই সাজের মধ্যে একটা স্নিগ্ধভাব থাকা চাই, যাতে সারা দিনের ক্লান্তি চেহারায় ফুটে না ওঠে। সেক্ষেত্রে সকালের সাজে স্নিগ্ধতা ও সতেজতা বেশি জরুরি। সকালে সাজে সবচেয়ে প্রয়োজনীয় হলো পরিচ্ছন্ন একটি সাওয়ার। তাছাড়া ময়েশ্চারের সঙ্গে ঠোঁটে ভেসলিনই যথেষ্ট। দুপুরে রোদটা বেশি পড়ে। তাই এ সময়ে জমকালো সাজ দৃষ্টিকটু লাগবে। এক্ষেত্রে হাল্কা সাজই মানানসই। সাজের ক্ষেত্রে ন্যাচারাল আই শ্যাডো ব্যবহার করা যায়। পরিবর্তনের জন্য কাজলের পরিবর্তে সুরমা ব্যবহার করতে পারেন। সঙ্গে হাল্কা গ্লস লিপস্টিক।
রাতে সাজটা একটু ভারি হতে পারে। সেক্ষেত্রে আপনি কী ধরনের পোশাক পরছেন সেটা বেশি জরুরি। কারণ এক্ষেত্রে পুরো সাজটাই পোশাকের ওপর নির্ভর করে। রাতে আইশ্যাডো গাঢ় ধরনের ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ করা যায়। তবে সেটা না করে চাহিদা অনুযায়ী ড্রেসের সঙ্গে মিলিয়ে আইশ্যাডো ব্যবহার করাটাই উত্তম হবে। সঙ্গে মানানসই লিপস্টিক। চুলের ক্ষেত্রে কাজের সঙ্গে সুবিধা হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে, সেভাবে বেঁধে নিতে পারেন। সেক্ষেত্রে সকালের দিকে চুল ছেড়ে দেওয়া যেতে পারে। পরে বোল্ড বা খোঁপা করে নেওয়া যেতে পারে পোশাকের সঙ্গে মিলিয়ে।
