বিশ্বকাপে চোটের শঙ্কায় বাংলাদেশ

আপডেট : ২৯ মে ২০১৯, ২১:৪৮

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশ শিবিরে উঁকি দিয়েছে বেশ কিছু ছোট-খাট চোটের খবর। তবে কোনোটিই গুরুতর নয়। তারপরও চোট নিয়ে শঙ্কাটা পিছু ছাড়ছে না টাইগারদের। 

মঙ্গলবার এই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই চোটে পড়লেন মাশরাফি। ব্যক্তিগত ষষ্ঠ ওভারের সময়ে বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। মাঠের বাইরে চলে যান ওই ওভার পরই। 

বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনা ছিল সর্বোচ্চ ৪ অথবা ৫ ওভার করার। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্রুত রান তোলায় লাগাম টানতেই ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেছিলেন মাশরাফি। আর এই ওভারেই চোটে পড়েন তিনি।

শুধু মাশরাফিই নয়, ভারতের বিপক্ষে নতুন করে চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে কাফ মাসলে টান লেগেছে মুস্তাফিজের। এছাড়া ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগের দিন উরুর পেশীতে টান লাগায় খেলেননি তামিম ইকবাল। বাংলাদেশ দল বলছে, এসব চোট ছোট-খাট। এতে তেমন দুশ্চিন্তার কিছু নেই।

ফিজিওরা বলছেন, এ ধরনের ইনজুরিতে সাধারণত পাঁচ থেকে ছয় দিনের বিশ্রাম নিতে হয়। যদি এমনটি হয়ে থাকে তাহলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তাই বটে। 

ইংল্যান্ডে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। 

ইত্তেফাক/জেডএইচ