পিকেকে যোদ্ধাদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে একটি রূপরেখা তৈরিতে তুরস্ক পার্লামেন্ট অনুমোদন দিয়েছে। তিন দশকেরও বেশি সময় ধরে চলা এ সমস্যার সমাধানে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে একমত হয়েছে। এর মধ্যদিয়ে আশা করা হচ্ছে দীর্ঘদিনের এ সমস্যাটি একটি সমাধানের পথে যাবে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন তারা।
বৃহস্পতিবার পার্লামেন্টে এটি পাস হয়। এ ধরনের একটি পদক্ষেপের মূলে রয়েছে মূলত আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচন। এতে বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান প্রেসিডেন্ট পদে লড়বেন। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনে পিকেকের সমর্থন আদায়ে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। তিনি আশা পোষণ করছেন, তাদেরকে আলোর পথে আনার মাধ্যমে তিনি প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। আগামী মাসের ১০ তারিখে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত একটি দেশ। পিকেকের নেতা আব্দুল্লাহ ওকালান বর্তমানে কারাবন্দী আছেন। পিকেকের সঙ্গে সংঘাত দূরীকরণে সরকার অনেকবার আলোচনা চালিয়ে গেছেন। তবে আশা করা হচ্ছে এবারের শান্তি আলোচনায় প্রকৃত কোন সমাধান বেরিয়ে আসবে।
