কঙ্গোয় অবৈধ অভিবাসীদের উচ্ছেদ অভিযান
রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে অবৈধ অভিবাসীদের উচ্ছেদ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযান শুরু করার পর থেকে প্রায় দু’লাখ অভিবাসী দেশটি ছেড়ে পালিয়েছে। তাদের প্রায় সবাই প্রতিবেশী ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর নাগরিক। পুলিশ ও সেনাবাহিনীর উচ্ছেদ অভিযানের পর এই অভিবাসীদের উপর স্থানীয় বাসিন্দারও আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। রিপাবলিক অফ কঙ্গোর সরকার অবশ্য বলছে, এই অভিবাসীরা নানা অপরাধের সাথে জড়িত। শুধুমাত্র অপরাধীদের ধরতেই তাদের অভিযান। কোন ধরনের সহিংসতার অভিযোগ অস্বীকার করছেন তারা। —বিবিসি
মালিকি হিস্টিরিয়াগ্রস্ত !
ইরাকী কুর্দিদের প্রেসিডেন্ট মাসুদ বারজানির এক মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি ‘হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েছেন’ এবং তার পদত্যাগ করা উচিত। মালিকি স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে জিহাদীদের আশ্রয়-স্থল বলে অভিযোগ করার পর কুর্দি প্রেসিডেন্টের মুখপাত্র এ মন্তব্য করলেন। আঞ্চলিক প্রেসিডেন্সির ওয়েবসাইটে ইংরেজিতে লেখা এ বিবৃতিতে বলা হয়, ‘মালিকি হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়েছেন এবং মানসিক ভারসাম্য হারিয়েছেন।’ —এএফপি
