সাতক্ষীরায় এক মোটর সাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৩৯
সাতক্ষীরার খাঁনপুরে গতকাল শুক্রবার সকালে মোটর সাইকেল ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে আব্দুল মান্নান (২৬) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ ছিনতাইকারী মান্নান, আমির উদ্দীন ও আশরাফুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, শ্যামনগরের রেজাউল নামের এক ব্যক্তির পালসার মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় খাঁনপুর মোজাফফর গার্ডেন একটি মসজিদের সামনে থেকে মান্নানের নেতৃত্বে সংঘবদ্ধ ছিনতাইকারী দল মোটর সাইকেলটি ছিনতাই করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা ১ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়লে মান্নান গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সা শেষে তাদেরকে সদর থানায় জিজ্ঞাসাবাদ চলছে।