তালপট্টি নিয়ে বেতাল খালেদা জিয়া :সুরঞ্জিত

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২১:৪১
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, সমুদ্র জয়ের পর বিএনপি নেত্রী খালেদা জিয়া তালপট্টি নিয়ে তাল-বেতাল হয়ে গেছেন। তালপট্টির তাল যদি বেতাল হয়ে যায় তবে পট্টি আর কতটুকু ভালো থাকবে। সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হওয়ায় এখন তালও নেই বেতালও নেই। ফলে তার (খালেদা) ভারত বিদ্বেষী রাজনীতিতেও একটি উইকেট পড়ে গেছে। শুক্রবার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা ও সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, দলের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।