উল্লাপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশু শিক্ষা কেন্দ্র পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ১১ জুলাই ২০১৪, ২২:০১
বৃহস্পতিবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি সার্বজনীন কালী মন্দির পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রটি সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে। বেসরকারি সংস্থা কারিতাস- এর আর্থিক সহযোগিতায় পরিচালিত এই শিশু শিক্ষা কেন্দ্রে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দেড় শতাধিক শিশু শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা দেয়া হয়। নৃ-গোষ্ঠীর নেতা ও পুড়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সুপারভাইজার র্যানাতুস সরেন অভিযোগ করেন, চৈত্রহাটি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ও শাহীন আলম তার দলবল নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দিয়েছে বলে তারা ধারণা করছেন। সরেন জানান, ২/৩ দিন আগে দেলোয়ার ও শাহীন রাতের বেলায় চৈত্রহাটি কালী মন্দিরের পুকুরের মাছ চুরি করার সময় তাদের হাতে ধরা পড়ে। এ সময় তারা এই দুই ব্যক্তিকে মারধর করে তাদের জাল কেড়ে নেয়। এই ঘটনার জের ধরে উক্ত দেলোয়ার ও শাহীনের লোকজন শিক্ষা কেন্দ্রটি পুড়িয়ে দিয়েছেন বলে তাদের ধারণা। উল্লেখ্য, স্থানীয় নৃ-গোষ্ঠীর লোকজন চৈত্রহাটি কালী মন্দিরের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে থাকেন। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।