একমাত্র সন্তানের লাশ দেখে হাসপাতালের জরুরী বিভাগে জ্ঞান হারিয়ে ফেললেন সেলিনা আক্তার শিল্পী। অন্য আত্মীয়-স্বজনরাও কান্নায় ভেঙ্গে পড়েছেন। তাদের আদরের সন্তান রমজানে ছুটিতে এসে বন্ধুদের সাথে ইফতার পার্টি করতে গিয়ে ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। তার নাম সাজ্জাদ হোসেন অনিম (১৮)। অনিম সিলেট ক্যাডেট কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। ঢাকার মিরপুরের মধ্য মনিপুরে তার বাড়ি। পারিবারিক সূত্র জানায়, রমজানের ছুটিতে অনিম বাড়িতে আসে। গতকাল শুক্রবার তার বন্ধু সিজানের বাসায় ইফতার করার কথা। মীর হাজীরবাগের মিশন মাদানী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে সিজানের বাসা। ওই বাসায় আরও দশ বন্ধুকে নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের আগে বিকাল সাড়ে ৪টার দিকে বন্ধুরা মিলে ওই বাড়ির ছাদে আড্ডা দিতে যায়। এসময় তারা ছাদে প্লাস্টিকের টিনের ছাউনি দেয়া একটি শেডের ওপর চড়ে। সেই ছাউনিটি মরমর শব্দে ভেঙ্গে পড়লে অনিমও ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
অনিমের মৃত্যুর সংবাদ পেয়ে তার মা ও আত্মীয়-স্বজনরা ছুটে যান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে। সেখানে অনিমের লাশ দেখে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। একমাত্র সন্তানকে হারিয়ে অনিমের মা শিল্পী বুক চাপড়াতে থাকেন। এক বছর আগে অনিমের বাবা নূর আলম মারা যান।
