মানিকগঞ্জে উপজেলা পরিষদের আওতাধীন ইট-সোলিংয়ের রাস্তা নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সুকুমার মেম্বাররের বাড়ি থেকে শইজুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে ১ নাম্বার ইট দেওয়ার কথা থাকলেও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলা পরিষদের আওতায় ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ টাকা ব্যায়ে ৯শ ৭৫ ফুট দীর্ঘ এই রাস্তাটি রিপেয়ারিং কাজের বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে সদর উপজেলার হাটিপাড়ার গোবিন্দপুর গ্রামের ইট সোলিং রাস্তার প্রকল্পে গিয়ে দেখা গেছে নিম্নমানের ইট দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পটির রাস্তা কিছু স্থানে সরু করা হয়েছে। প্রকল্প এলাকায় কাজের কোনো সাইনবোর্ড টানানো হয়নি। কাজে নিম্ন মানের ইট ব্যবহারের ফলে নির্মাণের পর সড়কটি অল্পদিনেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান।
এ সময় স্থানীয়রা জানান, নিন্মমানের ইট দিয়ে রাস্তা নির্মানের ব্যাপারে বললেও প্রকল্পটির সভাপতি ও সেক্রেটারী কোনো কর্ণপাত করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, প্রকল্পটির সভাপতি ও সেক্রেটারী জোর খাটিয়ে নিন্মমানের ইট দিয়ে রাস্তা নির্মান করেছে। তারা বলেছে 'রাস্তা নির্মানের ইট ভাল না মন্দ সেটি আমরা বুঝবো। আপনাদের এনিয়ে কোন কথা বলতে হবে না।'
এ ব্যাপারে স্থানীয় মেম্বারের প্রতিনিধি রাজ্জাক জানান, ৯শ ৭৫ ফিট রাস্তার মধ্যে আনুমানিক ৩শ ফিট রাস্তায় ২ নম্বর ইট ব্যবহার করা হয়েছে। তবে বাদবাকি ৬শ ফিট রাস্তায় ১ নম্বার ইট ব্যবহার করা হয়েছে।
এ ব্যাপারে প্রকল্পটির সেক্রেটারী ও হাটিপাড়া ২ নং ইউপি সদস্য রহিদুল ইসলাম জানান, রাস্তাটি ১ নাম্বার ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু তার কাছে ১ নম্বার ইট ক্রয় করার রশিদ চাইলে তিনি রশিদ দেখাতে পারেননি।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার জানান, আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ইত্তেফাক/নূহু
