মোরশেদা ইয়াসমিন পিউ
রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রত্যেকটি ফ্যাশন হাউজ তাদের নিজস্ব চিন্তাভাবনার প্রকাশ ঘটিয়েছে পোশাকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে ওইসব হাউজে। সারাদিন ক্রেতাদের কমবেশী উপস্থিতি থাকলেও সন্ধ্যার পর থেকে ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠে হাউজগুলো।
ধানমন্ডি পুরাতন-২৭ নম্বর সড়কে রয়েছে নামকরা অভিজাত ফ্যাশন হাউজের বেশ কয়েকটি শো-রুম। বিবি প্রডাক্টশন, আর্টিজান, লারিভ, ইনফিনিটি, অরণ্য, টেক্সমার্ট, এস্টরিয়ন এদের মধ্যে অন্যতম। গতকাল বুধবার ধানমন্ডির ফ্যাশন হাউজগুলো ঘুরে দেখা যায় তাদের এক্সক্লুসিভ সব পোশাক। ঈদ উপলক্ষে এসব শো-রুমে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, টি-শার্টসহ রকমারি পোশাক। প্রতিটি ফ্যাশন হাউজের রয়েছে নিজস্ব ডিজাইনার দ্বারা তৈরি কিছু এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক।
দেশের ফ্যাশন হাউজগুলোর পোশাকের প্রতি বেশ আগ্রহ থাকে ক্রেতাদের। কারণ তারা সময়, উত্সব ও ঋতুকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে। এ বছর গরমে ঈদ পড়ায় পোশাকে হালকা রং ও হালকা কাজ প্রাধান্য পেয়েছে। সুতি কাপড়ের পাশাপাশি এন্ডি কটন, ভয়েল, এন্ডি সিল্ক, তসর ও সিল্কের কাপড়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিবি প্রোডাক্টশনে দেখা যায়, আমাদের নিজস্ব ডিজাইনের কিছু এক্সক্লুসিভ কালেকশন যা অন্য কোথায় পাওয়া যাবে না। অরণ্য ফ্যাশন হাউজে রয়েছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া, পায়জামা, বিছানার চাদর, সিডি, বই, অর্নামেন্টস ও ঘর সাজানোর নানা সামগ্রী। ইনফিনিটিতে রয়েছে ছিমছাম ডিজাইনের পোশাক, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট।
টেক্সমার্টে রয়েছে শিশুদের হাফ ও ফুল শার্ট-প্যান্টের দারুণ কালেকশন। মেয়েদের ফ্রক, টপস, হাফ-ফুল প্যান্ট, স্কার্ট, সালোয়ার-কামিজ, কোর্তা, জিন্স প্যান্ট। আর্টিজান ও লারিভে রয়েছে থ্রিপিস, ওয়ানপিস, শার্ট, টি-শার্টসহ আরামদায়ক পোশাক।
ঐসব ফ্যাশন হাউজের শো-রুমের পোশাকে রঙ, ডিজাইন, কাটিং-এর প্রতিটি ক্ষেত্রে রয়েছে আধুনিকতার ছোঁয়া।
