দিনাজপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে বন্যার পানির মত মাদক ও অস্ত্র আসছে। এ ব্যাপারে দিনাজপুর ৪০ রাইফেল ব্যাটালিয়ন কঠোর ভূমিকা নেয়ায় গত ৬ মাসে ৪০ বিজিবি অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ ১৫ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে। এসময় গ্রেফতার করে ৪৪ জন চোরাকারবারিকে।
গতকাল শনিবার সকালে ৪০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ পিএসসি ইত্তেফাককে জানান, চলতি ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে বিভিন্ন অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৫ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে।
তিনি বলেন, অবৈধভাবে ভারত থেকে আনার পথে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১টি জাপানী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২৫ হাজার বোতল ফেন্সিডিল, ২৪১ বোতল লুপিকফ, ১ হাজার ১২১ বোতল বিদেশি মদ, ৫৭২ লিটার দেশি মদ, প্রায় ৭ টন গাঁজা, ৭৩ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট, ২২ হাজার ৩১৭ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১১৪ কেজি মদ বানানোর বড়ি, শাড়ি, বাই-সাইকেল, জিরা, শার্টপিচ, ষ্টিলসামগ্রী, ইমিটেশনসামগ্রী ও ফল ফলাদি ইত্যাদি। ৬ মাসের বিভিন্ন অভিযান চালানোর সময় ৪৪ জন চোরাকারবারিসহ ৩৪টি মোটর সাইকেল, ৫টি প্রাইভেট কার, ১০টি ছোট-বড় ট্রাক আটক করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ জানান, বিভিন্ন সীমান্ত পথে হয়তো আরও বেশি চোরা মাল ও অস্ত্রশস্ত্র আসতে পারে। তবে গত ৬ মাসে ৪০ বিজিবির সীমান্ত এলাকা দিয়ে কোন চোরাচালানি মাল বিশেষ করে মাদক ও অস্ত্র ধরার জন্য বিশেষ টহল ব্যবস্থা করে এ সকল মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। মাদক ও অস্ত্রের ব্যাপারে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোন ছাড় নেই।
