ইত্তেফাক রিপোর্ট
বিএসটিআইর অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধে স্বপ্ন সুপার শপসহ আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও দিল্লী দরবারসহ আটটি প্রতিষ্ঠানকে সাত লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসটিআইর লাইসেন্স গ্রহণ না করে মগ ও কাপ বিক্রি করায় রাজধানীর বনশ্রী এলাকার স্বপ্ন সুপার শপের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ স্যান্ডউইচ বিক্রি করায় মিরপুরের দিল্লী দরবারকে ৫০ হাজার, টেকইনকে ৩০ হাজার, কেপিটাল কিচেনকে ৩০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় ধানমন্ডির সাতমসজিদ রোডের পিত্জা ইনকে দুই লাখ ও আফটার আওয়ারকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইর অপর একটি অভিযানে পণ্যের মোড়কে বাংলা ভাষায় ওজন, মূল্য, উত্পাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, উত্পাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় ধানমন্ডি এলাকার মেসার্স মিনা বাজার, কাওরান বাজার এলাকার মেসার্স স্টার বেকারির বিরুদ্ধে মামলা করা হয়।
