কাজীপুরে পানি নিষ্কাশনে স্বেচ্ছাশ্রমে খাল খনন

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:১৪
কাজীপুর উপজেলার বরইতলা এলাকার জনসাধারণ জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কাজের উদ্যোগ গ্রহণ করেছে। কাজটি বাস্তবায়ন হলে শুধু বরইতলা গ্রামই নয় আশপাশের ১০টি গ্রামের প্রায় ৩শত হেক্টর এক ফসলি জমি দ্বি-ফসলি জমিতে পরিণত হবে। যমুনা নদী দ্বারা বিভক্ত কাজীপুর উপজেলার পঞ্চিম তীরের ৬টি ইউনিয়নের মধ্যে বানিয়াজান নদী রয়েছে। গত কয়েক বছরে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কারণে এবং বানিয়াজান নদীর তলদেশ মাটি পড়ে এক সময়ের প্রবাহমান বানিয়াজান নদী এখন মরা খালে পারিণত হয়েছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড়, বরশিভাঙ্গা, মাথাইলচাপড়, কাজীপুর পৌরসভার আলমপুর, পলাশবাড়ি, গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল, বরইতলা, কাচিহারা, দুবলাই, খামারপাড়া গ্রামগুলোর প্রায় ৩ শত হেক্টর জমি সামান্য বৃষ্টি-বাদলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল শনিবার থেকে তারা খালের মুখ বন্ধ করে দেয়া অংশ খনন করছে। এলাকার লোকজন স্বতস্ফূর্তভাবে খাল খনন কাজে অংশগ্রহণ করেছে। ভুক্তভোগী জনতা ভরাট করা ঐ অংশ স্থায়ীভাবে অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।