ভালুকায় মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২১:৫২
বকেয়া বেতনের দাবি ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায় অবস্থিত একই মালিকানাধীন সাবাব ফেব্রিক্স ও এফএম ডায়িং মিলের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে শনিবার দুপুরে মিল গেইটে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সাথে কথা বলে দাবি মানার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। শ্রমিকরা জানান, সাবাব ফেব্রিক্স ও এফএম ডায়িং মিলে প্রায় এক হাজার ৭ শত শ্রমিক কর্মরত আছেন। গত জুন মাসের বেতন ও ওভারটাইম পরিশোধসহ সরকার নির্ধারিত বেতন দেয়ার জন্য তারা মালিক পক্ষের কাছে বার বার দাবি করে আসছিলেন। এছাড়া রমজানে ইফতার ও নামাজের বিরতি না দেয়া এবং বিনা নোটিসে বহু শ্রমিককে ইতোমধ্যে চাকরি থেকে ছাঁটাইয়ের প্রতিবাদ করা হলেও মালিক পক্ষ এই ব্যাপারে কোন প্রদক্ষেপ না নেয়ায় তাদের এই আন্দোলন। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ চলাকালে রাস্তার দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানযটের সৃষ্টি হয়। ফলে প্রখর রোদ ও প্রচণ্ড গরমে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। মিলের এ্যাডমিন ম্যানেজার মো. জামান জানান, বেতন দিতে প্রতিমাসেই একটু দেরি হচ্ছে। তবে আগামী মাস থেকে যথাসময়েই বেতন পরিশোধ করা হবে। অন্যান্য দাবির বিষয়ে শ্রমিকদের সাথে কথা বলে সমাধান করা হবে।