চরফ্যাশনে আশ্রয় কেন্দ্র না থাকায় ৪লাখ মানুষ দুর্যোগ ঝুঁকিতে

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:২৩
ভোলা চরফ্যাশনে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় উপজেলার ৪ লাখ মানুষ দুর্যোগ ঝুঁকিতে রয়েছে। এদের মধ্যে ১লাখ মানুষ বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরী মুকরী, চর পাতিলা, ঢালচর , শিকদারের চর , চর লিউলিন, চর হাছিনা, চরমোতাহারে বসবাস করছে। চরফ্যাশনের মূল ভূখণ্ডের ৯৯ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে কমপক্ষে ২৫ কিলোমিটার বাঁধ এখন চরম ঝুঁকির মধ্যে আছে। চরফ্যাশনের ৫লাখ লোকের বিপরীতে আশ্রয় কেন্দ্র আছে ১৪টি। এছাড়া আশ্রয়কেন্দ্র কাম প্রতিষ্ঠানের সংখ্যা ১০৯টিসহ ১২৩টি আশ্রয় কেন্দ্র থাকলেও লোক সংখ্যার তুলনায় অপ্রতুল। এ সকল আশ্রয় কেন্দ্রে ১লাখ লোক আশ্রয় নিতে পারলেও বাকি ৪লাখ লোক অরক্ষিত থেকে যায়। এলাকাবাসীর অভিযোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সংকেত দেয়া হলে আশ্রয় কেন্দ্রগুলো তালাবদ্ধ থাকায় সেখানে নিরাপদ আশ্রয়ে গিয়েও মানুষকে হয়রানির শিকার হতে হয়। ফলে উপকূলীয় এলাকার গবাদিপশুর দুর্যোগকালীন নিরাপত্তা নেই। উপজেলা রেডক্রিসেন্ট অফিসে দুর্যোগকালীন সময়ে ১২হাজার গবাদিপশু নিরাপদে রাখা যাবে, বাকি কয়েক লাখ গবাদিপশু দুর্যোগ ঝুঁকিতে রয়েছে।