বন্ধ গার্মেন্টসের শ্রমিকদের দ্বিগুণ ক্ষতিপূরণ

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫৫
পরিদর্শনে ত্রুটি চিহ্নিত হওয়ায় বন্ধ কিংবা স্থানান্তর প্রক্রিয়ায় থাকা কারখানার শ্রমিকদের ক্ষতিপূরণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে উত্তর আমেরিকার ক্রেতা জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। ওয়াশিংটনের অ্যালায়েন্সের বোর্ড সদস্যদের ভোটাভুটির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে কারখানার সংস্কারে অর্থ সহযোগিতা দেয়ার কথা জোটের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। অ্যালায়েন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মে থেকে মালিকদের সাথে সমান অংশিদারিত্বের ভিত্তিতে বন্ধ কারখানার শ্রমিকদের ২ মাসের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। এ সহায়তা দ্বিগুণ করা হবে। জোটভুক্ত ব্রান্ডের সদস্যদের সমন্বয়ে গঠিত ৫০ লাখ ডলারের শ্রমিক কল্যাণ তহবিল থেকে এখন পর্যন্ত ১ হাজার শ্রমিককে সহায়তা দেয়া হয়েছে। উল্লেখ্য, অ্যালায়েন্সের পক্ষে এখন পর্যন্ত ৬শ ১ টি কারখানা পরিদর্শন শেষে ৯ টিতে বড় ধরনের ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে ৫টি কারখানা বন্ধ এবং ৪টি স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। উল্লেখ্য, গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার নিরাপত্তা খতিয়ে দেখতে উত্তর আমেরিকার ২৬ টি ব্র্যান্ডের সমন্বয়ে এই জোট গঠিত হয়। উত্তর আমেরিকার ক্রেতাদের অ্যালায়েন্স ছাড়াও গঠিত হয়েছে ইউরোপের ক্রেতা জোট অ্যাকর্ড অন বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি বাংলাদেশ (অ্যাকর্ড)।