আল্লাহ্ অশেষ রহমতে তালপট্টি বিলীন :এরশাদ

আপডেট : ১২ জুলাই ২০১৪, ২২:৫৮
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সমুদ্রে দক্ষিণ তালপট্টি নিয়ে বিতর্ক চলছে। কিন্তু দক্ষিণ তালপট্টি বলে এখন আর কিছু নেই, বিলীন হয়ে গেছে। এটা আল্লাহ্র অশেষ রহমত। গতকাল শনিবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজ ও বিদেশি কূটনীতিকদের সম্মানে দেয়া ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরশাদ বলেন, এই রমজান মাসে সমুদ্র বিজয় আমাদের জন্য বিরাট সুখবর। আল্লাহ্র অশেষ রহমতের কারণে রায় আমাদের পক্ষে এসেছে। এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে রমজানের বিশেষ উপহার। সংক্ষিপ্ত বক্তব্যে এরশাদ তার আমন্ত্রণে আগতদের রমজানের শুভেচ্ছা জানান। ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা- এইচটি ইমাম, ড. গওহর রিজভী ও ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান প্রমুখ অংশ নেন। বিএনপি নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তাদের কেউ অংশ নেননি। রাশিয়া, বৃটেন, সৌদিআরব, পাকিস্তান, নরওয়ে, তুরস্ক, ভুটান ও কাতারসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত এই ইফতারে অংশ নেন। তবে যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্যসহ উল্লেখযোগ্য দেশগুলোর রাষ্ট্রদূতরা যাননি। ইফতারে জাপা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী, প্রফেসর রওশন আরা মান্নান, ফখরুল ইমাম, সালমা ইসলাম, বেগম মাহ্যাবীন মোরশেদ, মীর আব্দুস সবুর আসুদ, রিন্টু আনোয়ার, লিয়াকত হোসেন খোকা, সোলায়মান আলম শেঠ, পীর ফজলুর রহমান মিযবা, ইয়াহইয়া চৌধুরী, সুলতান মাহমুদ ও সালাহউদ্দিন আহমেদ মুক্তি প্রমুখ। এছাড়া ওয়েস্টিন হোটেলের মালিক নূর আলী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুল এই ইফতারে যোগ দেন।