সুজানগরে ২০টি বিল পানিশূন্য তীব্র মাছ সংকট

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:১২

সুজানগর (পাবনা) সংবাদদাতা

সুজানগরে বৃহত্তর গাজনার বিলসহ ২০টি ছোট-বড় খাল-বিল রয়েছে। চলতি শুষ্ক মৌসুমে ওই সকল বিল সম্পূর্ণ পানি শূন্য হয়ে পড়ায় উপজেলার হাট-বাজারে তীব্র মাছ সংকট দেখা দিয়েছে।

উপজেলা মত্স্য অফিসার আব্দুল হালিম জানান, এ উপজেলার বৃহত্তর গাজনার বিল প্রাকৃতিক মাছের বড় উত্স্য। এ ছাড়া ছোটো বড়ো আরো ১৯টি খাল-বিল থেকেও প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যায়। কিন্তু চলতি শুষ্ক মৌসুমে বৃহত্তর গাজনার বিলসহ অন্য ১৯টি খাল-বিলও সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়েছে। বৃহত্তর গাজনার বিলের ক্যানালে সামান্য কিছু পানি থাকলেও তাতে মাছ নেই। সে কারণে উপজেলার সর্বত্র মাছ সংকট দেখা দিয়েছে।

ভুক্তভোগী মাছ ক্রেতারা জানায়, বর্তমানে হাট-বাজারে স্থানীয় পুকুরে চাষ করা কিছু পাঙ্গাশ, তেলাপিয়া, সিলভার কার্প এবং ভাটা মাছ পাওয়া যাচ্ছে। মাঝে মধ্যে সুজানগর পৌর বাজারসহ কোনো কোনো হাট-বাজারে কিছু ইলিশ মাছ উঠছে। কিন্তু দাম প্রচণ্ড চড়া হওয়ায় নিম্ন আয়ের মানুষ তা কিনতে পারছেন না।

পৌর বাজারে মাছ কিনতে আসা ভ্যান চালক শাহজাহান আলী বলেন, গত এক মাস আগে পুকুরে চাষ করা প্রতি কেজি পাঙ্গাশ মাছ বিক্রি হয়েছে ১০০-১১০ টাকা কেজি দরে। কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে। ফলে মাছের এই চড়া বাজারে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে মাছ কেনা সম্ভব হচ্ছে না।