কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত এবং আব্দুল হাই মিয়া নামে অপর এক যাত্রী আহত হন। মঙ্গলবার বিকালে কাউখালী-বেকুটিয়া সড়কের পার-সাতুরিয়া গ্রামে মহিদুল মেম্বারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পার-সাতুরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে আলী হোসেন ও হাই মিয়া এক সাথে সবজি বিক্রির জন্য ভ্যানগাড়ি করে পার-সাতুরিয়া থেকে চৌরাস্তা বাজারে যাচ্ছিল। পথে বেকুটিয়া থেকে কাউখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভ্যানকে সামনে থেকে ধাক্কা দিলে ভ্যানটি যাত্রী নিয়ে পাশের খালে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন আহত দুই যাত্রীকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আলী হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
