রাজধানীতে ঈদের আগে অজ্ঞান পার্টির ব্যাপক তত্পরতা শুরু হয়েছে। এরই মধ্যে পৃথক ঘটনায় এ পর্যন্ত ৯ ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। এরমধ্যে তিনজন মুক্তিযোদ্ধাও আছেন। ঢাকা মেডিক্যালে নেয়া হয়েছে এসব ব্যক্তিদের। গত শনিবার দুপুরে সাতক্ষীরা থেকে ঢাকায় আসেন তিন মুক্তিযোদ্ধা— আব্দুর রহমান (৬০), মফিজ উদ্দিন (৬২) ও দেবি রমজান (৬২)। তারা তিনজনই অজ্ঞান পার্টির কাছে সব খুইয়েছেন। তাদের সঙ্গে থাকা এনামুল হক বিশ্বাস ঢামেকে পুলিশকে এ কথা জানিয়েছেন। এদিকে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল এলাকা থেকে সিএনজি ড্রাইভার জাহাঙ্গীর (৫০), অন্যান্য এলকা থেকে আব্দুল হক (৪০), আবুল শিকদার (৩৫), শেখর (৫৫), চাঁন মিয়া (২৮) ও অজ্ঞাত (৪০) ব্যক্তিদের একই কারণে ঢামেকে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা ঈদের কারণে আগেভাগেই তত্পরতা বাড়িয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।
এদিকে রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলের পেছনে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম শামীম (২২)। তার পিতা আব্দুস সোবহান, বাড়ি বরগুনার আমতলী। গত শনিবার রাত সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। রাত ১টায় তাকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
