ত্রিপোলিতে বিমানবন্দরের দখল নিয়ে সংঘর্ষে নিহত ৭

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২০:৪৩
লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী দু’টি গ্রুপের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। গত রবিবার সকালে শুরু হওয়া এই লড়াই বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। রবিবার ভোর থেকেই ত্রিপোলির নিকটবর্তী ঐ বিমানবন্দরের অভিমুখের সড়কে ও শহরের অন্যান্য এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে সেখানকার অধিবাসীরা। সংঘর্ষের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ ত্রিপোলি থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে। পাশপাশি তুর্কি এয়ারওয়েজও তাদের ইস্তাম্বুলগামী ফ্লাইট বাতিল করেছে। ত্রিপোলির এই বিমানবন্দরের মূল টার্মিনালের কাছের পার্কিং এলাকায় বেশ কয়েকটি রকেট আঘাত হেনেছে বলে সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোর সূত্রে জানা গেছে। ২০১১ সালে নিহত লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে বিমানবন্দরটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনতানের বেসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। জিনতান যোদ্ধারা বিমানবন্দরের চারপাশের আরো ৩০ কিলোমিটার এলাকাও নিজেদের দখলে নেয়। তবে প্রায়ই তারা লিবিয়ায় তত্পর অন্য সশস্ত্র গ্রুপগুলোর কাছ থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। রবিবারের এই সংঘর্ষে অংশগ্রহণকারী বিদ্রোহীরা ইসলামপন্থি হিসেবে পরিচিত হলেও এটা সরাসরি আদর্শিক কোনো লড়াই নয়। বরং এটাকে বলা যেতে পারে, অনেকদিন ধরে ত্রিপোলিতে ঘনিয়ে ওঠা আধিপত্য বিস্তারের একটি প্রতিযোগিতা।