তারেক রহমানের পিএস অপুর জামিন না-মঞ্জুর

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২১:৩৫
দুদকের দায়ের করা দুর্নীতির একটি মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন ওরফে অপুর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন। অপুর আইনজীবী তরিকুল ইসলাম শুনানিতে বলেন, এই মামলার অন্য আসামিরা জামিনে আছেন। আসামি অসুস্থ। আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারা এই আসামির জন্য প্রযোজ্য নয়। মানবিক বিবেচনায় তাকে জামিন দেয়া হোক। অন্যদিকে দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, আসামি অপুর বিরুদ্ধে হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আসামির জামিন দেয়ার সুযোগ নেই। এই মামলার প্রধান আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর বর্তমানে কারাগারে আটক আছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার দুই ছেলে সা’দাত ও সানভীর সোবহান এবং তারেক রহমান মামলার নথিদৃষ্টে পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আগেই জারি রয়েছে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে আদেশ দেন। এ মামলার শুনানি উপলক্ষে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ ভ্যানে করে অপুকে আদালতের হাজতখানায় আনা হয়। অপু প্রায় এক মাস আগে গোপনে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলেও বিষয়টি প্রকাশ পায়নি। তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালের চিকিত্সা সনদ আদালতে দাখিল করেন। ওই কারণে ঢাকার কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে ছিলেন।