কিস্তি দিতে না পেরে জীবন দিলেন গৃহবধূ

আপডেট : ১৪ জুলাই ২০১৪, ২২:০৪
ঋণের কিস্তির টাকা যোগার করতে না পারায় দাউদকান্দিতে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছে। গত শনিবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামের মনির হোসেনের স্ত্রী ৬ সন্তানের জননী ফাতেমা বেগম(৩৫) বিষ পানে আত্মহত্যা করে। মনির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম(৩৫) তার স্বামীকে গাড়ি মেরামতের কারখানা স্থাপনের জন্য ৬মাস আগে ব্যুরো বাংলাদেশ নামের একটি সংস্থা থেকে দুই নামে ৭৫হাজার টাকা ঋণ এনে দেয়। সেই টাকা প্রতি সপ্তাহে পরিশোধ করা কথা ছিল। কিন্তু সংসারের অভাব অনটন আর স্বামীর ব্যবসা মন্দার কারণে গত ৪ সপ্তাহ যাবত্ সে কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি। সেই ঋণের টাকার জন্য বুরো বাংলাদেশের কর্মীরা প্রতি সপ্তাহে চাপ প্রয়োগ করেন। গৃহবধূ গতকাল রবিবার সেই কিস্তির আড়াই হাজার টাকা পরিশোধ করার কথা দিয়েছিলেন। শনিবার রাতে তার স্বামী এক হাজার এক’শ টাকা যোগার করে তার হাতে দিলেও বাকী টাকা দিতে না পারায় রাতেই গৃহবধূ ফাতেমা বেগম বিষ পান করেন। তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।