রাজশাহীতে জাল নোট নিয়ে মাঠে নেমেছে প্রতারক চক্র। ঈদের কেনাকাটার ভিড়ে জাল নোট ছড়িয়ে দেয়ার সুযোগটি তারা নিতে চায়। গত রবিবার দিবাগত গভীর রাতে নগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়ায় অভিযান চালিয়ে ১৭১টি এক হাজার এবং ২৪টি পাঁচশ’ টাকার জাল নোটসহ ছয় ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা পুলিশকে জাল নোটের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি।
আটককৃতরা হলো শরীয়তপুর জেলার আগারগাও এলাকার জনৈক এনামুল হক, তার সহযোগী একই জেলার লক্ষীপুরের সবুজ, কালিখোলার আবু বাক্কার, সাতকানিয়ার হাসান, মাস্তানখালির হাবিব ও রাজশাহীর গোদাগাড়ীর আব্দুর রাজ্জাক।
এ ব্যাপারে মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী জাল নোটের কারবারীদের চিহ্নিত ও আটকের জন্য অভিযান শুরু করেছে। গত রবিবার আটককৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা দেড় বছর আগে বাড়ি ভাড়া নিয়ে জাল নোটের কারবার করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্যানুযায়ী জাল নোট তৈরির মেশিন উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, আটকদের সঙ্গে স্থানীয় ও বাইরের শক্তিশালী চক্র জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতরা জানিয়েছেন, তারা শহরের পরিবর্তে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে জাল নোট ছড়িয়ে দিতো। কারণ গ্রামাঞ্চলে এখনো রঙিন নতুন নোটের ব্যাপক প্রচলন হয়নি। গ্রামের অনেক মানুষ নতুন রঙ ও আকৃতির নোট সম্পর্কে সচেতন নন। এই সুযোগটিই নিচ্ছে প্রতারক চক্র।
এদিকে নগরীতে বিপুল পরিমাণ জাল নোট আটকের খবরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ প্রচলিত আইনে জাল নোট যার কাছে পাওয়া যাবে প্রাথমিকভাবে তাকেই দোষী সাব্যস্ত করে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে।
