ওয়ানডে ক্রিকেটই তখন হাঁটি হাঁটি পা করছে। এই টুর্নামেন্টের আগে মাত্র ১৮টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে দুনিয়ায়। ঠিক এই সময়ই বৈশ্বিক একটা প্রতিযোগিতা করে মূলত বাণিজ্য বৃদ্ধি ও খেলার জনপ্রিয়তা বাড়ানোর স্বপ্নে শুরু হয়ে গেল বিশ্বকাপ। তখন ক্রিকেটের সবকিছুই ইংল্যান্ডকেন্দ্রিক; তাই এমন একটি আয়োজন শুরু করতে স্বাগতিক বাছাইয়ে খুব একটা ভাবনা-চিন্তা করতে হয়নি আয়োজকদের।
ইংল্যান্ডের ছয়টি ভেন্যুতে ১৯৭৫ সালের ৭ জুন শুরু হয়ে গেল বিশ্বকাপ। ৮ দলের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রুডেন্সিয়াল অ্যাসিউরেন্স কোম্পানির নামে নামকরণ করা হলো— প্রুডেন্সিয়াল কাপ! তখনকার ৬টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে শ্রীলঙ্কা ও ইস্ট আফ্রিকা অংশ নিল বিশ্বকাপে। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ৬০ ওভারের। প্রথম রাউন্ডে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলল। গ্রুপের সেরা দুটি করে চার দল এলো সেমিফাইনালে। আর ফাইনালে অনুমান মতোই বাজিমাত করল ক্লাইভ লয়েডের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে সেঞ্চুরি করে অমর এক তালিকায় নাম লিখিয়ে ফেললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লয়েড নিজেই।
